এক ডজন নতুন সার্ভিস নিয়ে পার্কচেস্টার ফার্মেসির বর্ধিত অফিস উদ্বোধন
বাঙালী প্রতিবেদনঃ ব্রংক্সের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পোর্ট রোডে জনপ্রিয় ফার্মেসি পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি তাদের সুপরিসর স্টোরের একাংশকে নানাবিধ অন্যান্য সার্ভিস প্রদানের লক্ষ্যে উদ্বোধন করল গত সপ্তাহে শুক্রবার। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ফিতা কেটে এই অংশের উদ্বোধন করলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এই নতুন অংশে রয়েছে অনুমোদিত পোস্টাল সার্ভিস, মেইল বক্স সার্ভিস, পাসপোর্ট ফটো, ভাচুর্য়াল মেইল সার্ভিস, ফ্যাক্সিং, স্ক্যানিং, কপিইং, শ্রেডিং, নোটারি সার্ভিস, পোস্টেজ টিকিট, ল্যামিনেটিং, পাসপোর্ট রিনিউয়ালসহ অন্যান্য।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসির সিইও মি. জি অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, আপনাদের জন্যই এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। আজ আপনাদের সহায়তায় এবং ভালোবাসায় আমরা এতদূর আসতে পেরেছি। আর আজ যে এই প্রতিষ্ঠানকে আরো বর্ধিত করা হলো, তার কারণও আপনারা।
তিনি বলেন, আমরা চেয়েছি, আপনারা যাতে একই ছাদের নিচে নানাবিধ সার্ভিস পান। সে কারণে পোস্টাল ও প্যাকেজিংসহ আনুষঙ্গিক কাজ এবং পাসপোর্ট নবায়নের মত সার্ভিসও প্রদান করা হবে।
এই অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এই এলাকার বিশিষ্ট সিপিএ এবং আজ থেকে শুরু হওয়া আগাম প্রাইমারি নির্বাচনে স্টেট এসেম্বলি প্রার্থী জাকির চৌধুরীসহ কম্যুনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। এদের মধ্যে অন্যতম মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মাহবুব আলম, এ. ইসলাম মামুন, শামীম আহমেদ, রোকন হাকিম, জুনেদ চৌধুরী। শুরুতেই বিশেষ দোয়া পাঠ ও মোনাজাত করা হয়। দোয়া পাঠ ও মোনাজাত পরিচালনা করেন আবদুস শহীদ।
উদ্বোধন উপলক্ষে পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসির মূল ফটকের বাইরে নীল বেলুন দিয়ে আর্ক বানানো হয়। ফার্মেসির অভ্যন্তরেও বেলুন দিয়ে সাজানো হয়।
মি. জি নতুন সার্ভিস গ্রহণের জন্য বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন।
